প্রবাসীদের নিরাপত্তা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে ইউএইর সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ: আইজিপি


সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ মো. আলী হোসেন ফকির, বিপিএম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট পুলিশিংয়ের উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলা এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











