February 26, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জ্ঞানের আলোয় আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্ঞানের আলোয় আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়; এটি শিক্ষা, সংস্কৃতি ও মননের বিকাশের সূতিকাগার হয়ে উঠুক—এটাই প্রত্যাশা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন এবং পরে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “অমর একুশে বইমেলা আমাদের মেধা ও মননের প্রতীকে পরিণত হয়েছে। বায়ান্নর ভাষা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আজকের এই আয়োজন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়।”

মেলা নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হওয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় কিছুটা ব্যত্যয় ঘটলেও বইমেলার আবেদন একটুও ম্লান হয়নি। এটি মাতৃভাষার অধিকার আদায়ের এক অবিনাশী স্মারক বলেও তিনি মন্তব্য করেন।

পাঠাভ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ১০২টি দেশের এক জরিপে বাংলাদেশের অবস্থান ৯৭তম এবং দেশে বছরে গড়ে একজন নাগরিক মাত্র তিনটি বই পড়েন। তিনি বলেন, “এই চিত্র বদলাতে হবে। মেলা যেন শুধু উৎসব না হয়ে আমাদের বইপ্রেমী করে তোলে।”

বাংলা একাডেমির প্রতি দিকনির্দেশনা দিয়ে তিনি অমর একুশে বইমেলাকে ভবিষ্যতে ‘আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজনের বিষয়টি বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। পরে তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ কবি-সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top