নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এম এ কাইয়ুমের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার সানভ্যালী মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. এম এ কাইয়ুম বলেন, “আমি পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর কৃতজ্ঞতা জানাই আমার নেতা জনাব তারেক রহমানকে। তিনি আমাকে আবারও আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দিয়ে নমিনেশন দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদজ্ঞাপন করছি।”

তিনি বলেন, ঢাকা-১১ আসনের বাড্ডা ও সাতারকুল এলাকা তারেক রহমানের অত্যন্ত পরিচিত অঞ্চল। প্রায় ২০ বছর পর তিনি এই এলাকায় এসেছেন। ১৯৯১ সালের নির্বাচনের কথা স্মরণ করে ডা. কাইয়ুম বলেন, “সেই সময় আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারেক রহমান নিজ হাতে বাড্ডার ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছিলেন। আজ আমরা সেই নেতাকে আবার আমাদের মাঝে পেয়েছি।”
ডা. এম এ কাইয়ুম আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের নেতার অপেক্ষায় ছিলাম। আর মাত্র কয়েকটি দিন বাকি। ইনশা আল্লাহ, বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।”
তিনি দাবি করেন, এই অঞ্চলের মানুষ বিএনপির শাসনামলে সবসময় কল্যাণ পেয়েছে। “যখনই সুযোগ এসেছে, ঢাকা-১১ আসনের জনগণ বিএনপির পক্ষেই রায় দিয়েছে। আগামীতেও তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে,”—বলেন তিনি।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভাস্থল সানভ্যালী মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।











