ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে আরও একটি রোজা পূর্ণ করা হবে। ফলে দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশ-এ ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এর আগে তুরস্ক সরকারও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করা হবে।
অন্যদিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত-এ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের অধিভুক্ত আবুধাবির খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে শাওয়ালের চাঁদের ছবি ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুরে এই পর্যবেক্ষণ সম্পন্ন হয় বলে জানানো হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপনের তারিখ ভিন্ন হওয়ায় মুসলিম বিশ্বে ভিন্ন দিনে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।











