ডেস্ক রিপোর্টঃ
খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবা আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে লবণচরা থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বেলা ১১টায় খুলনার খোলাবাড়িয়া মৌজায় বর্তমান লবণচরা থানার দক্ষিণ পার্শ্বে প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আধুনিক, টেকসই ও মানসম্মত থানা ভবন নির্মাণের মাধ্যমে জনগণকে আরও উন্নত ও দ্রুত পুলিশি সেবা প্রদান সম্ভব হবে। তিনি নির্মাণ কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন ভবনটি নির্মিত হলে লবণচরা থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।











