ডেস্ক রিপোর্টঃ
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে।” তিনি বলেন, “কাজ করতে হলে আমাদেরকে টিম ওয়াইজ কাজ করতে হবে। তাহলেই আমরা সফল হবো। কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, সে অনুযায়ীই অগ্রসর হতে হবে।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিমূলক সভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
মন্ত্রী আরো বলেন, “বিগত এক বছরে কী কী কাজ হয়েছে সেটা দেখে বোঝা যাবে কী কী ঘাটতি আছে। দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কী করবো তার একটি লক্ষমাত্রা তৈরি করতে হবে।”
আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বাইরে আমরা যাবো না। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাবেন। মানুষের জন্য কাজ করতে হবে। যা জানানোর প্রয়োজন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। মাহে রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি না হয়, সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।”
পরিচিতিমূলক সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, “প্রথম তিন মাসের একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে, যাতে বলা যায় যে প্রথম তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।”
প্রতিমন্ত্রী আরো বলেন, “সাবেক উপদেষ্টা বেশ কিছু সাজেশন দিয়েছেন, আমরা উনার পরামর্শগুলো আমলে নেব। ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়া সহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।











