ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত FAO প্রতিনিধি ড. জিয়াওকুন শি, যিনি সংস্থার মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতি, টেকসই ব্যবস্থাপনা এবং কৃষিখাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী দেশের কৃষিখাতে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি এবং কৃষিভিত্তিক অর্থনীতির ভিত্তি মজবুত করার জন্য FAO-এর যেকোনো সহযোগিতা স্বাগত।
ড. জিয়াওকুন শি FAO কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, সংস্থা কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ ও বাণিজ্যিকভাবে মৎস্য চাষে কাজ করছে।











