ডেস্ক রিপোর্টঃ
পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নতুন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র উপহার দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে সিদ্দিক বাজার এলাকার আলাউদ্দিন রোডে নবনির্মিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’-এর শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
অনুষ্ঠানে প্রশাসক মোঃ আবদুস সালাম বলেন, পুরান ঢাকার বাসিন্দাদের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন করা দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই আধুনিক ৬ তলা ভবন সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর করবে। তিনি বলেন, “আমরা শুধু একটি ভবন নির্মাণ করিনি; এখানে নাগরিকদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা, পাঠাগার এবং ব্যায়ামাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।”
তিনি স্থানীয় বাসিন্দাদের এই রাষ্ট্রীয় সম্পদটির যথাযথ রক্ষণাবেক্ষণে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবদানের কথা স্মরণ করে বলেন, “উন্নয়নের কারণে পুরান ঢাকা আজও খোকা ভাইয়ের কাছে ঋণী।”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটিতে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। কমিউনিটি সেন্টারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় প্রতি ফ্লোরে ৫৫০ জন করে মোট ১ হাজার ৬৫০ জন অতিথি আপ্যায়নের সুবিধা রয়েছে।
ভবনের পঞ্চম তলায় স্থাপন করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলর অফিস, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও একটি পাঠাগার। এছাড়া নাগরিকদের সুস্থ জীবনধারা নিশ্চিত করতে ষষ্ঠ তলায় স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আরও বড় পরিসরে সামাজিক কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে DCNUP প্রকল্পের আওতায় ৯টি কেন্দ্রের নির্মাণকাজের প্রায় ৫২ শতাংশ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কর্পোরেশনের নিজস্ব তহবিলে ১৯টি কেন্দ্রের কাজ চলমান এবং আরও ৩০টি নতুন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।











