February 25, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির

Image

ডেস্ক রিপোর্টঃ

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম-এর স্থলাভিষিক্ত হলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আইজিপি পদে নিয়োগ প্রদান করে। নিয়োগের পূর্বে তিনি অতিরিক্ত আইজি হিসেবে এপিবিএনে কর্মরত ছিলেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশ-এর সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করেন।

মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএনে কর্মরত ছিলেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্ট-এ দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন। এছাড়া সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক ও ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক হিসেবেও যুক্ত রয়েছেন। তিনি অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

মোঃ আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মোঃ আলী হোসেন ফকির ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Scroll to Top