ডেস্ক রিপোর্টঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগদান করেছেন নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ বুধবার (১৮ জানুয়ারি, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি। একইসঙ্গে আপনাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। সম্মিলিত প্রচেষ্টায় এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চাই।” তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের বিমানবন্দরসমূহকে লাভজনক ও আধুনিক করে তুলতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।
নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কার্যক্রমকে বেগবান করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।











