ডেস্ক রিপোর্টঃ
জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) গুলশানের সোসাইটি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। তাঁর সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন; নিয়মিত নামাজ ও রোজা আদায় করতেন।
স্পীকার মরহুমা সহধর্মিণী ও তাঁর মৃত মা-বাবার জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সাথে তিনি দেশ ও জাতির উন্নতি ও কল্যাণে সকল নাগরিককে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজ ২৮ মার্চ ২০২৬ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমা দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষকতা করেন এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দোয়া মাহফিলে জাতীয় সংসদের চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম, সংসদ সদস্য মোঃ মজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপি নেতাকর্মীবৃন্দ, আপামর জনসাধারণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।











