April 5, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল, ২০২৬) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার ‘জুলাই বিপ্লব’-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও তারা জনগণের গণরায় উপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় মেনে নিয়ে দ্রুত “জুলাই সনদ” বাস্তবায়ন না করলে জনগণের পক্ষে রাজপথে নামতে বাধ্য হবে তার দল।

সমাবেশে বক্তব্য দেন মামুনুল হক, যিনি অভিযোগ করেন যে নির্বাচনের আগে গণভোটে সমর্থন চাওয়া হলেও সরকার গঠনের পর সেই রায় অগ্রাহ্য করা হচ্ছে। তিনি বলেন, “৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।”

জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন বলেন, সংবিধান অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে। গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন হলে একনায়কতন্ত্র ও দলীয়করণ বন্ধ হবে বলে তিনি মত দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এইচ এম হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “সংবিধান সংস্কারের জন্যই জুলাই বিপ্লব ও গণভোট হয়েছিল।”

এছাড়া বক্তব্য দেন আহমদ আবদুল কাদের, মোখলেছুর রহমান কাসেমী, ওমর ফারুক এবং রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা সবাই গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Scroll to Top