
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কীভাবে ফিরবেন, সে বিষয়ে তাঁর সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে তাঁকে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার বিষয়।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে বলা হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এ সময় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। বিচারপ্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’তিনি আরও বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাঁদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’