March 12, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের আহ্বান জানালো এবি পার্টি

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের আহ্বান জানালো এবি পার্টি

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছে এবি পার্টির একটি প্রতিনিধি দল। বুধবার (১১ মার্চ, ২০২৬) দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু–র নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা ও স্বৈরশাসনের প্রেক্ষাপটে আগস্ট বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবি পার্টির চেয়ারম্যান। এ সময় তিনি দলের পক্ষ থেকে এবং নিজের নির্বাচনী এলাকা ফেনীর জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে এবি পার্টির নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে ইতিবাচক ও গঠনমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় নেতৃবৃন্দ জুলাই-আগস্টের উত্তাল সময়ের স্মৃতিচারণও করেন।

এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।

সাক্ষাতে এবি পার্টির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—

জুলাই সনদ বাস্তবায়ন এবং সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে সৃষ্ট বিতর্ক ও জটিলতা এড়িয়ে সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ;

সম্ভাব্য যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সার্বজনীন পরামর্শ সভার আয়োজন;

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত সময়ে যৌথ অভিযান পরিচালনা করে সরকারের কঠোর অবস্থানের বার্তা প্রদান;

মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ পুনর্গঠন, দীর্ঘদিনের দমন-পীড়নের বিচার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয় বলে জানানো হয়েছে।

Scroll to Top