March 3, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না: গণপূর্ত মন্ত্রী

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না: গণপূর্ত মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।

মন্ত্রী রবিবার (১ মার্চ, ২০২৬) ঢাকায় সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও সচিব মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্তমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা আমরা সামাল দেব। আপনারা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন। বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখবেন। নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করবেন।

মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকায় আবাসনের বিষয় উল্লেখ করে পূর্তমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে দেশের কল্যাণে গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ নিলে তাদের জীবনমান উন্নত হবে।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। অতীতের চিন্তা পরিহার করে আগামীর বাংলাদেশ গড়তে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজ না করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুটপাট করার কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স।

সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসি বেগম, প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দপ্তরপ্রধানেরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

মতবিনিময় সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী ও প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া।

Scroll to Top