অনলাইন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস ব্রিফিং করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, আজকের ব্রিফিংটাই সম্ভবত প্রেস উইংয়ের শেষ ব্রিফিং।
ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং সব সময় দ্রুততম সময়ে গণমাধ্যমকে তথ্য দেওয়ার চেষ্টা করেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সরকারের অবস্থান কী, সেটি সাংবাদিকদের জানানো হয়েছে।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের মাধ্যমে সরকারের সব ধরনের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এমন কোনো তথ্য নেই, যেটা আমরা গণমাধ্যমের সঙ্গে শেয়ার করিনি। সব মিলিয়ে পেজটি কমপক্ষে ২০ কোটিবার ভিউ হয়েছে।”
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের বিষয়ে শফিকুল আলম বলেন, প্রেস উইং বরাবরই অধিকাংশ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সগুলোতে সাংবাদিকদের সব প্রশ্ন গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় প্রেস উইংয়ের আরেক সদস্য আজাদ মজুমদার বলেন, গণমাধ্যমকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং সাংবাদিকদের কাছ থেকেও সহযোগিতা পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, “আগামী সপ্তাহে আমরা টেবিলের ওপারে নয়, আপনাদের সঙ্গেই থাকব।”
প্রেস উইংয়ের সদস্য ফয়েজ আহমদ বলেন, তিনি সব সময় সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছেন। সম্পূর্ণ পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নানা কারণে প্রেস উইংকে অতিরিক্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি বলেন, “আমাদের কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।”











