March 26, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সাইবার বুলিং বন্ধে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা জরুরি: জাইমা রহমান

সাইবার বুলিং বন্ধে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা জরুরি: জাইমা রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সাইবার বুলিং বন্ধসহ নারীর সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

জাইমা রহমান বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন থাকলেই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোকেও কার্যকরভাবে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, “একটা বড় বিষয় হলো—রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। নারী নিরাপত্তার দিক থেকে, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তার দিক থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকা প্রয়োজন এবং সেটি বাস্তবায়নে দৃঢ় অবস্থান নিতে হবে। “আইন তো আমাদের আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়,”—যোগ করেন তিনি।

নারীদের রাজনীতিতে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে জাইমা রহমান বলেন, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীদের উপস্থিতি নিশ্চিত না হলে বাস্তব সমস্যাগুলো পুরোপুরি বোঝা সম্ভব নয়। তিনি বলেন, “যদি নারীরা পলিসি বানানোর সময় না থাকেন, তাহলে আমাদের সমাজের অর্ধেক মানুষের বাস্তব অভিজ্ঞতা প্রতিফলিত হবে না।”

উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে টেলিভিশন উপস্থাপক কাজী জেসিন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক নেত্রী এবং শিক্ষার্থীরা।

Scroll to Top