শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের


ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত ও আদর্শ প্রজন্ম বিনির্মাণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুধবার (২৪ জুন, ২০২৬) রাজধানীর ডন বস্কো স্কুল ঢাকা পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ডন বস্কো স্কুলে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করছে উল্লেখ করে তিনি বলেন, এটি সম্প্রীতি, সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকা উচিত নয়। পাশাপাশি শিশুদের বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মাদকাসক্তি থেকে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বিদ্যালয়ের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ও শিক্ষার্থীদের অটোগ্রাফ প্রদান করেন।
এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











