শপথ নিলেন বেসিস ২০২৪-২০২৬-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি


আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০২৪-২০২৬-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি । গত সোমবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে বেসিসের এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথবাক্য পাঠ করান বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ। দেশের তথ্য প্রযুক্তি খাতে কর অবকাশ সুবিধা এ বছরও বলবৎ থাকার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৩০ সাল পর্যন্ত যদি কর অব্যাহতির মেয়াদ বাড়ানো যায়, তাহলে সফটওয়্যার খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসিসের কমিটিতে ৩ ভাগের অন্তত ১ভাগ নারী উদ্যোক্তা থাকা উচিত বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রসঙ্গত, গত ৮ মে রাজধানীর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেন, গুলশানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বেসিসের ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনে রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন প্যানেল ‘ওয়ান টিম’ ১১টি পদের মধ্যে ৮টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা পায়। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন প্যানেল ‘টিম স্মার্ট পেয়েছে ৩টি পদ।











