বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের যোগাযোগ বৃদ্ধিতে একমত বাংলাদেশ-চীন


ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬–২০২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন সম্পর্ককে পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন।











