সহযোগিতার মাধ্যমে সংবাদমাধ্যমকে এগিয়ে নিতে চায় সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান


সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
রোববার (২৩ আগস্ট ২০২৬) দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক এবং জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, ‘সরকার সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না; বরং সহযোগিতার মাধ্যমে সংবাদমাধ্যমকে এগিয়ে নিতে চায়।’
আন্দালিভ রহমান বলেন, দেশের সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে জাতির গর্বের জায়গাগুলো অক্ষুণ্ণ রাখার দায়িত্ব সরকারের রয়েছে। এ ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সরকারের দায়িত্ব গ্রহণের সময়টিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করছে। দায়িত্ব পালনে ভুলত্রুটি সবারই হতে পারে, তবে নৈতিকতার জায়গা থেকে সরকার অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের নির্দেশনা হলো—দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়া।’
তিনি মন্ত্রণালয় ও অধীন সংস্থার কর্মকর্তাদের সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।











