দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের


প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধু নিজেদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় থাকলে চলবে না। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ এবং সচেতনতার মাধ্যমে নদী, পানি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করে নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, নদী ও পরিবেশ রক্ষা কেবল সরকারের একার দায়িত্ব নয়; এর সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ জড়িত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।











