বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা বাড়াতে IsDB-এর সঙ্গে কাজ করবে সরকার


বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইসলামী উন্নয়ন ব্যাংক (IsDB) গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে অবকাঠামো, পরিবহন যোগাযোগ, বাণিজ্য অর্থায়ন ও বেসরকারি খাতের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

ঢাকায় বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং IsDB গভর্নর আমির খসরু মাহমুদ চৌধুরী ইসলামী উন্নয়ন ব্যাংক (IsDB) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের সঙ্গে বৈঠককালে এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (ITFC) প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আদীব ইউসুফ আল আ’মা এবং IsDB গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও IsDB-এর দীর্ঘদিনের অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা ও অগ্রাধিকারকে সামনে রেখে আসন্ন মেম্বার কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (MCPS) প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পায়। এর মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে IsDB-এর সহযোগিতা আরও কার্যকরভাবে সমন্বয় করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
বৈঠকে সহনশীল ও টেকসই অবকাঠামো, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য অর্থায়ন এবং বেসরকারি খাতের উন্নয়নকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
এ ছাড়া উন্নয়ন অর্থায়নে IsDB Concessional Fund (ICF) এবং ব্লেন্ডেড ফাইন্যান্স মডেলের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। বিশেষ করে সুকুক (Sukuk)-সহ বিভিন্ন উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
বাংলাদেশের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে IsDB গ্রুপের সামগ্রিক সহযোগিতা কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, বৈঠকে সে বিষয়েও আলোচনা করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করে।











