পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের


ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার সমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এবং ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’—এই চেতনায় দেশের সকল নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকেই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। এই দীর্ঘদিনের সম্প্রীতির পরিবেশ যাতে কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষেও আগাম শুভেচ্ছা জানান তিনি।











