কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিতে বাংলাদেশ-ইরাক চুক্তি স্বাক্ষরিত


বাংলাদেশ ও ইরাকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারক দুটিতে সই করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুটির মধ্যে একটির আওতায় কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতির ব্যবস্থা রাখা হয়েছে। অন্য সমঝোতা স্মারকটির মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শ ও সংলাপের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইরাকের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা আশা প্রকাশ করেন, এসব চুক্তি দুই দেশের দ্বিপক্ষীয় যোগাযোগ ও সম্পৃক্ততায় নতুন গতি সঞ্চার করবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।











