ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন


প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের মধ্যে এ অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের মোট চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়, জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর শেষে আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও আইএসডিবির মধ্যকার উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করা, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ এবং অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আইএসডিবির সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে এই বৃহৎ অর্থায়ন দুই পক্ষের দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদারত্বকে আরও এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।











