পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। তিনি পরিবেশ দূষণ রোধে বিদ্যমান আইন ও বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগগুলোর বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়।











