ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী বাঁধন


ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২৬) রাতে ইতালির স্থানীয় সময় অনুযায়ী ভেনিসের মেস্ত্রে এলাকায় অবস্থানকালে তাকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।
বাঁধনের অভিযোগ, ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে একদল ব্যক্তি হঠাৎ তার ওপর চড়াও হন। এ সময় তার শরীরে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয় এবং কানের পাশেও আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার সময় বাঁধনের ভাইয়ের চার বছরের শিশুসন্তানও সঙ্গে ছিল। বাঁধনের ভাষ্য অনুযায়ী, তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও ওই ঘটনার সময় উত্তেজনাকর পরিস্থিতি ও ধস্তাধস্তির দৃশ্য দেখা গেছে।
বাঁধন দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।











