February 15, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ৩০ আসনে ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে ১১ দলীয় ঐক্য

৩০ আসনে ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে ১১ দলীয় ঐক্য

Image

অনলাইন ডেস্কঃ

শনিবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৬) এক সংবাদ ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল জালিয়াতি, কারচুপি ও রেজাল্ট শিটে ঘষামাজা করে ফল পরিবর্তনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ব্রিফিং করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক ওলি উল্লাহ নোমান।

ব্রিফিংয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে হামলায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি দাবি করেন, সদ্য সমাপ্ত নির্বাচনে বহু স্থানে কারচুপি, জালিয়াতি, ভোটারদের ভোটদানে বাধা, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়ম হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অন্তত ৩০টি আসনে ভোট জালিয়াতি, রেজাল্ট শিটে ওভাররাইটিং ও ঘষামাজার ঘটনা ঘটেছে। নির্বাচনের দিনই এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান তিনি। কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব এবং অন্য কিছু আসনে দ্রুত ফল ঘোষণার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণের ইঙ্গিত পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। যেসব আসনে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে ভোট পুনঃগণনার আবেদন করা হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচনী সহিংসতার প্রসঙ্গে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দল তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। তারা একটি সহিংসতামুক্ত বাংলাদেশ দেখতে চান, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে কোনো ধরনের সহিংসতা থাকবে না।

ভোট পুনঃগণনার আবেদন প্রসঙ্গে অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট আসনগুলোতে পুনঃগণনা করা হলে প্রকৃত ফলাফল প্রকাশিত হবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে তাদের কেউ কেউ বিজয়ী হিসেবে উঠে আসবেন বলে তারা আশাবাদী।

ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান তার আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ফলাফল শিটে এজেন্টদের নামের গরমিল, এজেন্টদের এনআইডি নম্বর না থাকা, ওভাররাইটিং, কার্বন কপি ব্যবহার, পেন্সিল দিয়ে লেখা, পোলিং এজেন্টের নাম অনুপস্থিত থাকা, ফটোকপি করা ফলাফল শিট ব্যবহার এবং প্রিন্টের বদলে কলম দিয়ে কেন্দ্রের নাম লেখা—এসব অনিয়মের প্রমাণ তাদের কাছে রয়েছে। এসময় তিনি সাংবাদিকদের সামনে রেজাল্ট শিটের মূলকপি প্রদর্শন করেন।

ড. মান্নান আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি রাত ১২টা ৫৮ মিনিটে ফলাফল স্থগিত রাখার আবেদন করা হলেও তা আমলে না নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়া ঢাকা-৬ আসনের নির্বাচন কমিশনের কার্যালয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভবনে স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ করে তা সরানোর জন্য ১৪ জানুয়ারি আবেদন করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

ভোট পুনঃগণনার জন্য আবেদন করা আসনগুলোর মধ্যে রয়েছে: ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪। এসব আসনের কয়েকটিতে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানানো হয়।

Scroll to Top