ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন রমজান উপলক্ষে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাংবাদিকদের ব্রিফ করেন।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড—বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনার বিষয়েও আলোচনা হয়েছে। দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে কার্যকর ও দৃশ্যমান কাজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। রমজানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গণমাধ্যম কমিশন সংক্রান্ত প্রস্তাব সরকারের হাতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।











