ডেস্ক রিপোর্টঃ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমরা শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা চাই না, চাই কর্মমুখী শিক্ষা। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের কথা শুনবে এবং তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করবে।
প্রতিমন্ত্রী সোমবার (৯ মার্চ, ২০২৬) ঢাকায় বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত রাউন্ডটেবিল ডিসকাশন ও ইফতার মাহফিল ২০২৬-এ ‘Higher Education Landscape of Bangladesh: Contemporary Thoughts’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত সেমিনারে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য করেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র মেম্বারগণ।
শিক্ষাক্ষেত্রে গৃহীত বাংলাদেশ সরকারের সংস্কার পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে গণতন্ত্রের হাল ধরবে, বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এ লক্ষ্যে সরকার সব ধরনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে বলেন, গতানুগতিক উচ্চশিক্ষা দক্ষ মানবসম্পদ তৈরিতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি এবং অতীতের শিক্ষা কমিশনগুলোও জাতির চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি। এই প্রেক্ষাপটে একটি সময়োপযোগী শিক্ষা দর্শন (Education Philosophy) সম্পর্কিত পত্র প্রধানমন্ত্রীর নিকট জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশ ও সৃজনশীলতার পথ সুগম করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিদ্যমান রেগুলেশন বা নিয়ন্ত্রণের পরিধি কমিয়ে আরও নমনীয় করা হবে।
শিক্ষকদের মর্যাদার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং সরকার তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষকদের জীবনমান ও পেশাগত উৎকর্ষ সাধনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা শিক্ষাঙ্গনের কোনো ক্ষেত্রে কর আরোপে বিশ্বাস করি না। শিক্ষাক্ষেত্রে পর্যায়ক্রমে সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করার আশ্বাস প্রদান করেন তিনি।











