February 22, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সবাই মিলে সিলেটকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাণিজ্য মন্ত্রীর

সবাই মিলে সিলেটকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাণিজ্য মন্ত্রীর

Image

ডেস্ক রিপোর্টঃ

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব, ধারণ করব এবং দিন দিন এটিকে বৃদ্ধি করব। আমরা সিলেটের জন্য যে কাজগুলো করব সেগুলো কারো ব্যক্তিগত কাজ নয়, দলগত।

মন্ত্রী বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার হলে ব্যক্তি নয়, পুরো সিলেট উপকৃত হবে; সিলেটে পানির সমস্যা সমাধান হলে কোনো ব্যক্তি নয়, বরং পুরো সিলেট সুফল ভোগ করবে। তাই, আমরা সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতেই কাজ করব।

মন্ত্রী শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) সিলেট নগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে প্রদত্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালন করব। সিলেটের জীবনমান উন্নয়নে সকল কাজ আগামী দিনে দৃশ্যমান হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম কাজ। এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তবে যে পরিমাণ খাদ্য মজুত ও ভোগ্যপণ্যের সরবরাহ আছে, তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূলত আমদানিনির্ভর ভোগ্যপণ্য, যেগুলো রোজায় বেশি ব্যবহার হয়, সেগুলো স্থিতিশীল পর্যায়ে আছে।

এ সময় তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের মনিটরিং জোরদার করার কথা উল্লেখ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top