March 28, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে অস্তিত্ব ঘোষণার আজ ৫৫ বছর।

তিনি বলেন, সেই ঘোষণার পথ ধরেই ৩০ লাখ শহিদ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর সন্তানদের লড়াই-সংগ্রামে অর্জিত হয়েছে সবুজ-শ্যামল এই বাংলাদেশ। তিনি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই—যে বাংলাদেশ হবে সকল শিশু ও নারীর জন্য নিরাপদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনটা ‘ব্যাড টাচ’—এ সম্পর্কে মেয়েশিশুদের সচেতন করে তুলতে হবে। এ বিষয়ে ক্যাম্পেইন করতে হবে। আমরা সকলে মিলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর দেশ গড়তে চাই।

তিনি বলেন, কঠোর পরিশ্রম করে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা, বই পড়া, ছবি আঁকা এবং আদব-কায়দা শিখে শিক্ষিত হতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে।

ফারজানা শারমীন বলেন, স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—এই তিনটির কোনটিই পুরোপুরি অর্জিত হয়নি; বরং নানা ধরনের অন্যায়-অবিচার হয়েছে। তবে সব কিছুর পরও হতাশ হওয়া যাবে না। এখন সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাঃ আরজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত সচিব শবনম মোস্তারী এবং শিশু শিল্পী জাইমা তাসরিন ও রায়হান মাহমুদ।

পরে প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Scroll to Top