April 4, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে: পানি সম্পদ মন্ত্রী

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে: পানি সম্পদ মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব। এই বিপ্লবটি সমাপ্ত হয়নি। যদি এটি জিয়াউর রহমানের চিন্তাভাবনা অনুযায়ী সমাপ্ত হতো, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকতো। তিনি বলেন, খাল খননের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে।

মন্ত্রী শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছদি ইউনিয়নের কাফিলাতলি এলাকায় সি খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনবান্ধব সরকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, পানির প্রবাহ বৃদ্ধি করা, জীববৈচিত্র্য রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হচ্ছে। নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে আমূল পরিবর্তন হবে বলে তিনি জানান।

পানি সম্পদ মন্ত্রী বলেন, যত বাধা-বিপত্তি আসুক, খাল খনন ও দখলমুক্ত কার্যক্রম অব্যাহত থাকবে—এটাই জনগণের প্রত্যাশা। এ সময় তিনি চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ চলমান। বর্তমান সরকার পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে; পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করা হবে। জনদাবি ও জনপ্রত্যাশা অনুযায়ী সরকার পর্যায়ক্রমে সকল কিছু বাস্তবায়ন করবে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top