February 25, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বৃহত্তর পল্লবী-রূপনগরে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখছেন বিএনপির মহিলা দলের বর্তমান কার্যনির্বাহী সদস্য রিনা হাসান

বৃহত্তর পল্লবী-রূপনগরে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখছেন বিএনপির মহিলা দলের বর্তমান কার্যনির্বাহী সদস্য রিনা হাসান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বর্তমান কার্যনির্বাহী সদস্য রিনা হাসান দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ও পরিচিত একটি নাম। ১৯৯৪ সাল থেকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় তিনি পল্লবী থানা মহিলা দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একই ইউনিটের সভানেত্রী নির্বাচিত হন।

রাজনীতির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমেও তার সম্পৃক্ততা উল্লেখযোগ্য। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তিনি বৃহত্তর পল্লবী ও রূপনগর এলাকার নারীদের ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় পর্যায়ে নারী সংগঠনে নেতৃত্ব গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসিত।

রিনা হাসানের রাজনৈতিক অনুপ্রেরণার প্রধান উৎস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি বেগম জিয়ার বড় বোন ‘চকলেট আপা’ নামেই পরিচিত ব্যক্তিত্ব এবং বিএনপির নেত্রী সেলিমা রহমান ও সরোয়ারী বেগমের সঙ্গে রাজনীতি করার অভিজ্ঞতা তার রাজনৈতিক পথচলাকে সমৃদ্ধ করেছে।

তার স্বামী বীরমুক্তিযোদ্ধা মরহুম আহসান উল্লাহ হাসান ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি খোকা-সালাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত কমিশনার এবং ২০০৪ সালে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেও তিনি অংশ নেন।

রাজনৈতিক প্রতিকূলতার সময় রিনা হাসান ও তার পরিবারকে নানা ধরনের চাপ ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলে জানা যায়। দীর্ঘ সময় নিজ বাসভবনের বাইরে থাকতে বাধ্য হওয়া, সন্তানদের বিরুদ্ধে একাধিক মামলা, ২০১৮ সালের নির্বাচনের সময় তার আটক হওয়া এবং অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা—এসব ঘটনাই তার রাজনৈতিক জীবনের কঠিন অধ্যায় হয়ে আছে। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে তিনি মুক্ত হন। তার দুই সন্তানও রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও রিনা হাসান রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে অবস্থান নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন। পল্লবী এলাকার অনেকের কাছে তিনি সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত।

Scroll to Top