নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় সংঘটিত গণ-আন্দোলন ও সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭ নভেম্বরের আধিপত্যবাদবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার সংগ্রাম—ইতিহাসের প্রতিটি বাঁকে অসংখ্য মানুষ দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন।
তিনি বলেন, একটি প্রাণের সমাপ্তির মধ্য দিয়ে একটি পরিবারের স্বপ্ন, আশা ও সম্ভাবনারও সমাপ্তি ঘটে। কোনো কিছুর বিনিময়েই সেই ক্ষতির পূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে যারা এখনো বেঁচে আছেন, তাদের দায়িত্ব হলো শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই হতে পারে দেশ ও জনগণের জন্য উৎসর্গকৃত সব প্রাণের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব নয়।











