March 15, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, পাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে মিশে আছে। আজকে সেটা অনেকটা পিছিয়ে গেছে। আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতেই ছিল বন্ধ পাটকল আবার চালু করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাটপণ্যের বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

শনিবার (১৪ মার্চ, ২০২৬) পিরোজপুরে ‘টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স খুবই কম, তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্প সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল কারখানাগুলো চালু করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্লাস্টিক নিষিদ্ধ করেছিলেন জানিয়ে শরীফুল আলম বলেন, এর ধারাবাহিকতায় আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে এই চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হবে। ইতোমধ্যে সরকারের বিভিন্ন অফিসে নিত্যপণ্য হিসেবে পাটপণ্য ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, যুগ্মসচিব জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক সাদাত অপু সায়েম, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো.শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

Scroll to Top