নিজস্ব প্রতিবেদকঃ
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার নতুন যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেশের নারী প্রধান পরিবারের জন্য চালু করেছে ‘ফ্যামিলি কার্ড’।

আজ মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) সকালে রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান ল্যাপটপে বাটন প্রেস করে আনুষ্ঠানিকভাবে এই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন নারী প্রধান পরিবারের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পৌঁছে গেছে। পরে প্রধানমন্ত্রীর হাতে ১৭ জন নারীর মধ্যে সরাসরি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

পরীক্ষামূলকভাবে আজ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে রাজধানীর নিম্নলিখিত এলাকায়— কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকা।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে নারী প্রধান পরিবারগুলোর আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, তাঁদের ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং সমাজে ন্যায্য সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।











