ডেস্ক রিপোর্টঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে রাজধানীর অন্যতম ব্যস্ততম পরিবহন কেন্দ্র গাবতলী বাস টার্মিনালে বিশেষ তৎপরতা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তারা যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে খোঁজ নেন পুলিশ প্রধানরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টার্মিনাল ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টার্মিনাল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সাদা পোশাকের পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান এবং ডিসি ট্রাফিক (মিরপুর) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।











