ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ একদিন সব নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে। নারীর অদম্য মনোবল, সততা ও নেতৃত্বের শক্তিই সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রার প্রধান ভিত্তি।
রোববার (৮ মার্চ, ২০২৬) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শক্তি ছিল তার দৃঢ়তা ও সাহসী নেতৃত্বে। তিনি দেশের রাজনীতি ও গণতন্ত্রের সংগ্রামে নারীর নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নারী দিবস উপলক্ষে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন নারী এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন অপরিহার্য।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ সব নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ও সম্ভাবনাময় দেশে পরিণত হবে।











