ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।

শপথ অনুষ্ঠানের সকল আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং অবকাঠামোগত প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মাওলা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।











