March 17, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • দেশ হারালো গণতন্ত্রের এক আপোষহীন নেত্রী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দেশ হারালো গণতন্ত্রের এক আপোষহীন নেত্রী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া অনেকের কাছে ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা ও বাংলাদেশের মা। তাঁর ইন্তেকালে দেশ একজন মহান পথপ্রদর্শককে হারালো, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন।

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন দেশ ও মানুষের কল্যাণে। তিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

তারেক রহমান বলেন, ত্যাগ ও সংগ্রামের প্রতীক হয়েও বেগম খালেদা জিয়া ছিলেন পরিবারের প্রকৃত অভিভাবক। কঠিন সময়েও তাঁর সাহস, সহানুভূতি ও ভালোবাসা পরিবারের প্রতিটি সদস্যকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং চরম নিপীড়নের শিকার হয়েছেন; তবুও কখনো আপস করেননি।

শোকবার্তায় তিনি বলেন, দেশের জন্য বেগম খালেদা জিয়া স্বামী ও সন্তান হারিয়েছেন। ফলে এই দেশ ও দেশের মানুষই ছিল তাঁর প্রকৃত পরিবার। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শেষে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চান এবং বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসী ও বিশ্ববাসীর ভালোবাসা ও শ্রদ্ধার জন্য তিনি ও তাঁর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Scroll to Top