February 24, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি জনগণ ও সংবাদমাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি জনগণ ও সংবাদমাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ বক্তব্য প্রদান করেন।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস প্রণয়নের নির্দেশ দেন। তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে দ্রুত ও কার্যকর সহায়তা পৌঁছে দিতে আধুনিক তথ্যভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি জনগণ ও সংবাদমাধ্যম। গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

উক্ত সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত চেয়ারম্যান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর বক্তব্যে চব্বিশের গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাস্ট আরও কার্যকর ভূমিকা রাখবে।

বোর্ড সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব মাহবুবা ফারজানা, সদস্য ও প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, সদস্য এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সাংবাদিক পরিবার ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।

Scroll to Top