ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলের কৃষিভিত্তিক বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা সম্ভব হলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
সোমবার (১৬ মার্চ, ২০২৬) দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, সরকার গঠনের এক মাসের মধ্যেই আমরা মানুষের কাছে দেওয়া অনেক ওয়াদার কাজ শুরু করেছি।”
তিনি জানান, এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। দিনাজপুরের কাহারোল এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের অনেক নদী-নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয় এবং বর্ষা মৌসুমে হঠাৎ বন্যার পানি এসে ফসল ও বসতবাড়ির ক্ষতি করে। এই সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি খাত আরও টেকসই ও উৎপাদনশীল হয়ে উঠবে, যা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











