ডেস্ক রিপোর্টঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আপনার নেতৃত্বে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতৃবরণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব দেশকে এগিয়ে নেওয়ার পথ আলোকিত করবে। আজ বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে, যেখানে অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা এবং মানবসম্পদ উন্নয়নে সুসমন্বিত প্রজ্ঞা ও মননশীলতার প্রয়োগ অপরিহার্য।”
প্রফেসর ইউনূস তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে আপনার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করি আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
পরিশেষে প্রধান উপদেষ্টা প্রার্থনা করেন, “দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক। মহান আল্লাহ্ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।”











