ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, মিডিয়াকর্মীদের সহযোগিতা করার জন্য আমরা সবসময় পাশে আছি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঠিক তথ্য তুলে ধরব।

সিনিয়র সচিব আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি, ২০২৬) গণভোট–২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টার উদ্বোধনকালে এ প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, বিদেশি সাংবাদিকদের সহায়তায় বিমানবন্দরে একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম ও প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
আখতার আহমেদ বলেন, নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ করা এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইত্যাদি কাজগুলো এবার খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা পর্যায়ক্রমে এগুলো সম্পন্ন করেছি। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তৈরি আছি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অপপ্রচার ও অপতথ্য রোধ করে আপনারা সঠিক তথ্য তুলে ধরুন। ভোটের ফলাফল গণনার সময় সম্পর্কে তিনি বলেন, কোনো অবস্থাতেই ফলাফল প্রয়োজনের তুলনায় দীর্ঘায়িত হবে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সভাপতির বক্তৃতায় বলেন, এ মুহূর্তে দায়িত্বশীল সাংবাদিকতা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়; এটি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, এ পর্যন্ত নির্বাচন উপলক্ষ্যে ১৯টি দেশ থেকে সাংবাদিকরা বাংলাদেশে এসেছেন। তাদের সহায়তা ও নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। মিডিয়া সেন্টার থেকে নির্বাচন ও গণভোট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে। বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টারে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত গাইডলাইন তারা অনুসরণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দেশি-বিদেশি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন বিষয়ে সকল তথ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন। এর মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা রয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সবসময় সহায়তাপূর্ণভাবে কাজ করে আসছে, যাতে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে যথাযথভাবে অবগত হতে পারেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধানগণ, নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











