March 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১১ মার্চ, ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের পর্যটন গন্তব্য উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীত করার উদ্যোগে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত। প্রয়োজনে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

Scroll to Top