বিজনেস ডেস্কঃ
নবায়নযোগ্য জ্বালানি খাতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও অংশগ্রহণকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৬ (জিইও ২০২৬)” এর গ্র্যান্ড ফিনালে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, সরকার পরিচ্ছন্ন জ্বালানি ও জলবায়ু কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল আলম। তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের মাধ্যমে একটি টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৬-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে তাদের উদ্ভাবনী ধারণা ও সমাধান উপস্থাপন করেন। তাদের উৎসাহ ও সৃজনশীলতা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৬” আয়োজন করে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক।
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) জানায়, তারা ভবিষ্যতেও তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে কাজ করে যাবে।











