ডেস্ক রিপোর্টঃ
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সোমবার (১৬ মার্চ ২০২৬) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম ও বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীকে চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রতিমন্ত্রী বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের যাত্রা সংক্রান্ত সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান এবং যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও দক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বিমানবন্দরকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনে আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।











