ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৬ মার্চ, ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

সাংসদদের রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন।
কর্মশালায় বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত আছেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। পাশাপাশি অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুন সদস্যদের সঙ্গে ভাগ করে নেবেন।
সরকার ও সরকারি দলের সংসদীয় কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করা এই কর্মশালার মূল উদ্দেশ্য।
আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনের সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপরা অংশ নেন। বিকালের পর্বে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
শনিবার সকালের পর্বে ঢাকা আংশিক, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সদস্যরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সদস্যরা কর্মশালায় অংশ নেবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।











